ইসলামের মহান আদর্শ প্রচার, আলেম ও ইমামদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং ইমামদের সম্মান ও অধিকার সুরক্ষার লক্ষ্যে নড়াইলে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে জেলা কার্যালয়ের উপপরিচালক আবু বকর রিয়াজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান এবং নড়াইল জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মো. জাকারিয়া প্রমুখ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এবং তাদের মধ্যে নৈতিক চেতনা জাগ্রত করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজে ইসলামের প্রকৃত ও সুমহান আদর্শ তুলে ধরা এবং সব ধরনের বিভ্রান্তি ও কুসংস্কার দূর করতে ইমাম সমাজ কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি যৌতুক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতেও ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, সমাজে ইমামদের সৃজনশীল নেতৃত্বের বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং ধর্মীয় নেতৃত্বের উৎকর্ষ বৃদ্ধিতে বাংলাদেশ সরকার ও ইসলামিক ফাউন্ডেশন নিয়মিতভাবে জাতীয় ও জেলা পর্যায়ে সম্মেলন এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে।
সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ২শ ইমাম উপস্থিত ছিলেন।
সান্তাহারে গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার