পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২৬, ০১:৪৪ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার নাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা ও ভাতিজা।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

দেলদুয়ার থানার ডিউটি অফিসার এস এ হাবিব বলেন, সকালে এঘটনা ঘটে। এঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানা নিয়ে আসা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত