গৌরীপুরে বিদ্যুৎ বিভাগের ভুলে আবারও লাইনম্যানের মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:০৩ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎ বিভাগের ভুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ করিম বাবু (৩০) নামে এক বেসরকারি বিদ্যুৎ শ্রমিক (লাইনম্যান) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে বালুয়াপাড়া মোড় এলাকায় বিদ্যুৎ মেরামতের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

তিনি পৌর শহরের পূর্বভালুকা মহল্লার মৃত আব্দুস সালামের পুত্র। বিদ্যুৎ খুঁটি থেকে বাবুকে ছিটতে পরতে দেখে আহত হন অপর লাইনম্যান খাইরুল ইসলাম (৩৫)। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চুড়ালি গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।

এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী হারুন মিয়া, আবু তালেব জানায়, বাবু বিদ্যুৎ খুঁটিতে উঠার আগে সঙ্গে থাকা বিদ্যুৎ বিভাগের লোকজনকে জিজ্ঞাসা করে লাইন বন্ধ আছে কি-না, এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর, তাকে লাইনে উঠতে বলা হয়।

বিদ্যুৎ বিভাগের লাইনম্যান জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ অফিস থেকে ক্লিয়ারেন্স নেন সহকারী আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ। তারপর তিনিই বাবুকে বিদ্যুতের খুঁটিতে উঠতে বলেন। ১১০০০ বোল্টেজের এসটি খুঁটির বিদ্যুতের তারে ধরার সাথে সাথে বাবু ছিটকে পরে গুরুত্বর আহত হয়। এরপরে প্রথমে গৌরীপুর হাসপাতাল, পরে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়।

পূর্বভালুকা মহল্লার ফারুকুল ইসলাম ও আনোয়ার হোসেন জানায়, বিদ্যুৎ বিভাগের ভুলের কারণেই বাবুর মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুৎ বিভাগের একাধিক বেসরকারি কর্মী দাবী করেন, বিদ্যুৎ বিভাগের ভুলের কারণে এর আগে হাবিবুল ইসলাম হবি’র মৃত্যু হয়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. লামিয়া ইসলাম জুথী জানায়, বাবুর কান ও ডান চোখ থেকে রক্ত বের হচ্ছিল। মাথা ও শরীরের বিভিন্নস্থানে ফোলা জখম। শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। তিনি জানান, হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ১টা ৪০মিনিটের মধ্যে মারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি শোনেছি। মরদেহ ময়মনসিংহ হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত