ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির সেই বহিষ্কৃত নেতা গ্রেফতার

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

নামাজে ইমামতি করা অবস্থা থেকে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পল্টন থানা পুলিশ বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। 

ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে পালানো এই আসামিকে ধরতে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় অভিযান চালানো হয় এবং পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩ এর অধীনে রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী গোলাম আজমের নামে মামলা করেন। 

বাদীর করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সোমবার (১৫ জুন) রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনালে যায়। 

ওসি জানান, আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি করা শুরু করেন। 

কিন্তু দ্বিতীয় রাকাতে মুসল্লিদের সিজদায় রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ আজ বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারো অভিযান চালিয়ে তার বাসভবন থেকে গোলাম আজমকে গ্রেফতার করে।
  
পুলিশ জানায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রফতানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও মানবপাচার সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ আছে। এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকলেও দলে তার কোনো সাংগঠনিক পদ নেই এবং অনেক বছর ধরে তিনি দল থেকে বহিষ্কৃত বলেও জানা যায়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ছবি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছিলেন।
  
পল্টন থানা পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত