হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৩৯ জন বাংলাদেশি

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:৩২ এএম

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার আটশ ৬৩৯ জন বাংলাদেশি হাজি। চলতি বছরের ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিপুল সংখ্যক হাজি নিরাপদে নিজ দেশে পৌঁছালেন। আগামী ১ জুলাই পর্যন্ত এই ফিরতি ফ্লাইট কার্যক্রম অব্যাহত থাকবে বলে হজ অফিস সূত্রে জানা গেছে।

বাংলাদেশি হাজিদের দেশে ফিরিয়ে আনতে তিনটি নির্ধারিত বিমান সংস্থা কাজ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। সরকারি ব্যবস্থাপনায় ফিরে আসা হাজিদের সংখ্যা চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৫৪ হাজার ৩২০ জন।

এদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে এবার ৫২ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সৌদি আরবে থাকা মেডিকেল সেন্টারগুলো নিরলস কাজ করেছে, যেখানে মোট ৬৫ হাজার ৮৮৮ জন হাজি সেবা গ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে চারজন হাজি চিকিৎসা নিয়েছেন।

উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল শুরু হয়েছিল হজযাত্রীদের সৌদি যাত্রার প্রথম ধাপ এবং ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে হাজিদের দেশে ফেরার ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত