তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার (২০ জুন) নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে ডিমলা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারাজ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে দলটি।
শুক্রবার (১৯ জুন) দলটির নীলফামারী জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জলঢাকা উপজেলার ট্রাফিক মোড় থেকে মানববন্ধন শুরু হয়ে ডিমলা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারাজ পর্যন্ত বিস্তৃত হবে। এতে তিস্তা নদীসংলগ্ন বিভিন্ন এলাকার নেতাকর্মী, সমর্থক, কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীভাঙন, শুষ্ক মৌসুমে পানির সংকট, সেচ সমস্যা এবং নদীকেন্দ্রিক জনপদের আর্থ-সামাজিক দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতির উন্নয়নে এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা দেওয়া হলেও এর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই উত্তরাঞ্চলের মানুষের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ কমান্ড এলাকা ও তিস্তা নদী অববাহিকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গঠিত ৯ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নীলফামারীর ডালিয়াস্থ পানি উন্নয়ন বোর্ডের ভিআইপি গেস্ট হাউস ‘অবসর’-এর সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রীরা জানান, সকলকে একসঙ্গে নিয়ে, বিদেশের মুখাপেক্ষী না হয়ে দেশের টাকায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুতই বাস্তবায়ন করা হবে।