চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সকালে নিউমার্কেট এলাকায় ঝটিকা মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেওয়া অন্যদের আটক করতে অভিযান চলছে বলে জানিয়ে পুলিশ জানায়, নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় আজ শনিবার সকালে হওয়া মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এতে দেখা যায়, অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল করছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, নিউমার্কেট এলাকায় মিছিলের ঘটনায় ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো রঙের দলীয় ব্যানার নিয়ে ঝটিকা মিছিলটিতে অংশ নেন কর্মীরা। মিছিলে ‘শেখ হাসিনা আসছে’, ‘রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগেও নগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।