গাইবান্ধায় নারী কেলেঙ্কারির অভিযোগে জাহাঙ্গীর আলম নামের এক সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে। পরে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
প্রত্যাহারপ্রাপ্ত জাহাঙ্গীর আলম (৩৫) গাইবান্ধা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করিছেলেন।
রবিবার (২১ জুন) সকালে গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ জুন রাতের একটি ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিভাগ।
স্থানীয় ও ট্রাফিক বিভাগ জানায়, সম্প্রতি ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরে নিঝুম নামের এক নারী কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় নিঝুম নামের ওই নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ উঠে। সেই রাতে, ওই বাসায় সার্জেন্ট জাহাঙ্গীর ও নিঝুমের অবস্থান টের পেয়ে, স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলেন এবং তাদের বের হতে বাধা দেন।
ঘটনার পর পরই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি ফেসবুকে প্রকাশ পায়। এরপরেই তাকে প্রত্যাহান করে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, এ ঘটনায় রবিবার দুপুর ১টা পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।