গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে সাইফুল্লাহ (২২) নামের এক শিবির নেতা নিহত হয়েছে। এঘটনায় সালাউদ্দিন নামের এক শিবির কর্মী গুরুতর আহত হয়।
রবিবার (২১জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
স্থানীয়রা জানান, সাঘাটার উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সাথে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের মুকুলের কথার কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়। এরপর উপজেলা চত্বর থেকে সবাই চলে যায়।
এ ঘটনার কয়েক মিনিট পর বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিল।
এসময় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, যুবদল নেতা মোনারুল ও জব্বারসহ ১০/১৩ জন ধারালো অস্ত্র নিয়ে শিবির কর্মী সালাউদ্দিনের ওপর হামলা করে। এসময় হামলাকারিরা সালাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এসময় বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি এগিয়ে আসলে তাকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার উপর ফেলে গলায় আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে শিবির নেতা সাইফুল্লাহকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা জানান, ঘটনায় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম জড়িত ছিল বলে অভিযোগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।তিনি বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি শান্ত আছে।
কুমিল্লায় মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম