আয়ুর্বেদিক ওষুধ শিল্পের মানোন্নয়ন, নিরাপদ সংরক্ষণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে হামদর্দ অডিটরিয়ামে মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্মসচিব এবং বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যান মল্লিকা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বিপিসি পরিচালক ড. মো. রাজ্জাকুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সামছু উদ্দিন, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, সিনিয়র পরিচালক (মার্কেটিং, পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক কামরুন নাহার হারুন, বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্য ডা. মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শিবব্রত রায়।
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সেলিম মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফকরুল ইসলাম এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ মেডিসিন বিভাগের প্রধান ড. মো. বাবুল আক্তার। এতে দেশের বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।