'হরমুজ প্রণালি তেহরানের তত্ত্বাবধানেই পরিচালিত হবে'

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:৫৪ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষে অনুষ্ঠিত আলোচনার পর হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি আর কখনও যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানেই পরিচালিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানানো হয়।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেওয়ার পর দেশে ফিরে গালিবাফ এ মন্তব্য করেন। আলোচনার লক্ষ্য ছিল ইরানকে ঘিরে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনের পথ খোঁজা।

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় গালিবাফ বলেন, সুইজারল্যান্ডের বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, 'আমার মতে, এই সফর ইতিবাচক ফল বয়ে এনেছে। বিশেষ করে হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, তেল রপ্তানিতে ছাড় এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।'

আলোচনার পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের তেল খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তেহরান জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের পুনরায় দেশে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

চুক্তির অংশ হিসেবে ইরান কিছু নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা এবং বিদেশে আটকে থাকা সম্পদের একটি অংশ ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

তবে গালিবাফ সতর্ক করে বলেন, 'আমরা মনে করি এটি কেবল শুরু। কাঙ্ক্ষিত ফল পেতে আমাদের আরও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।'

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ড থেকে ফেরার পথে গালিবাফ ওমান সফর করেন। দেশটি হরমুজ প্রণালির তীরবর্তী রাষ্ট্রগুলোর একটি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি যুদ্ধ শুরুর সময় ইরান বন্ধ করে দেয়। পরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার সমঝোতার পর গত সপ্তাহে এটি পুনরায় খুলে দেওয়া হয়।

তবে লেবাননে ইসরায়েলি হামলার জবাবে গত শনিবার আবারও প্রণালিটি বন্ধের ঘোষণা দেয় তেহরান।

এরপর কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়। এর লক্ষ্য হরমুজ প্রণালিতে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়ানো।

এদিকে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সমঝোতার পর সোমবার হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল আগের তুলনায় দ্রুত গতিতে স্বাভাবিক হতে শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত