বরগুনার তালতলীতে সোনাকাটা-ইকোপার্ক সংলগ্ন খালে গোসল করতে নেমে মুছা (১৭) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাত ১১টার দিকে উপজেলার ফকিরহাট সংলগ্ন সোনাকাটা-ইকোপার্ক খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১১টার দিকে ওই খালে গোসল করতে যায় মুছা। নিহত মুছা উপজেলার মধ্যনিদ্রা গ্রামের বশিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকায় দুলাল মোল্লার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে কাজ করেন মুছা। ওই এলাকায় অবস্থান করায় গতকাল সোমবার সকাল ১১টার দিকে তিনি ইকোপার্ক এলাকার খালে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি খালের পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর সন্ধ্যার দিকে মুছাকে খুঁজে পাওয়া না গেলে আশপাশের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। খাল ও আশপাশের এলাকা তল্লাশি করেও বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে জোয়ারের পানি কমতে থাকলে রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়রা ইকোপার্ক সংলগ্ন খালে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন ও প্রাথমিকভাবে মরদেহটি নিখোঁজ কিশোর মুছা হিসেবে শনাক্ত করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস