সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো বেসিক ব্যাংক

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৪:৪১ পিএম

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি ও বেসিক ব্যাংক পিএলসি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বেসিক ব্যাংক সোনালী ব্যাংকের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’র সঙ্গে যুক্ত হয়েছে। ফলে বেসিক ব্যাংকের গ্রাহকরা এখন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন চার্জ, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশন স্কিমের কিস্তি, চালান ফি এবং অন্যান্য নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২৩ ‍জুন) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কামরুজ্জামান খান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস (এফসিএ, এফসিএমএ), সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক আকলিমা ইসলাম, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক সুমিত রঞ্জন নাথসহ উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের বিল ও ফি পরিশোধে গ্রাহকরা আরও বেশি সুবিধা পাবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত