নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

নেত্রকোনায় যৌতুকের দাবিতে পারভীন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী মো. শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ কে এম এমদাদুল হক এই রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুলের বাবা তোরাব আলী ও মা সখিনা খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ক্ষুদ্র সিধলী গ্রামের মো. তোরাব আলীর ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে কলমাকান্দার ক্ষুদ্র সিধলী গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে বারহাট্টা উপজেলার রত্নপুর গ্রামের পারভীন আক্তারের বিয়ে হয়। তাদের জুনায়েদ হাসান (৯) ও জুবাইদ আহম্মেদ সানি (৫) নামে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুকের দাবিতে শফিকুল স্ত্রী পারভীনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ২০১৯ সালের ২৫ মার্চ নির্যাতনের কারণে পারভীন বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ-বৈঠকে ভবিষ্যতে আর নির্যাতন করবেন না এমন অঙ্গীকারে পারভীনকে আবার স্বামীর বাড়ি পাঠানো হয়।

সালিশের এক মাস কাটতে না কাটতেই ২০১৯ সালের ২৬ এপ্রিল রাতে শফিকুল আবার যৌতুকের টাকার জন্য পারভীনকে আবারও নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই পারভীনের মৃত্যু হয়। এঘটনায় পরদিন সকালে কলমাকান্দা থানায় পারভীনের ছোট ভাই মো. আবু ইউসুফ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নূরুল কবীর রুবেল জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত