চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শিলছড়ি লেবু বাগানসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত চন্দনাইশের দুই শ্রমিক মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তাদের মুক্তি দেয় অপহরণকারীরা।
মুক্তি পাওয়া দুই শ্রমিক হলেন কক্সবাজারের পেকুয়ার টইটং বটতলী হাবিবপাড়া এলাকার নুরুল আমিন (৩৬) ও সাতকানিয়ার দুরদরী এলাকার মো. আরিফুল ইসলাম (৩৬)।
সংশ্লিষ্টরা জানায়, বুধবার (২৪ জুন) সকালে বাগান থেকে ফল সংগ্রহ করতে দুর্গম পাহাড়ে গেলে আটজনের একটি সশস্ত্র দল তাদের অপহরণ করা হয় ওই শ্রমিকদের। এ সময় আবদুর রহিম নামে বাগান সংশ্লিষ্ট আরেক ব্যক্তিকেও আটকে রাখা হয়। পরে তিনি সুকৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হন। পালিয়ে আসার সময় তিনি শারীরিকভাবে আহত হন বলে জানা গেছে।
পালিয়ে আসা আবদুর রহিম জানান, অপহরণের পর পাহাড়ি সন্ত্রাসীরা তাদের শারীরিক নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। অপহৃতদের মুক্তির জন্য ১৫ হাজার টাকা দেওয়া হলেও তাদের ছেড়ে দেওয়া হয়নি। বরং অপহরণকারীরা আরও অর্থ দাবি করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা রাতে গভীর পাহাড়ি এলাকায় অপহৃত দুই শ্রমিক ছেড়ে দেন। তারা সকালে এলাকায় এসে পৌঁছান।
এবিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, বুধবার বিকেলে ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একাধিক পুলিশের টিম এ বিষয়টি নিয়ে কাজ করেছে। পরবর্তীতে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।