দুই বছর বিরতির পর আবারও বাণিজ্যিক তিমি শিকার শুরু করেছে আইসল্যান্ড। অভিযানের প্রথম দিনেই দেশটির উপকূলে দুটি ফিন তিমি শিকার করা হয়েছে, যা পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
আইসল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘হভালুর ৯’ নামের একটি শিকারি জাহাজ শুক্রবার (১৯ জুন) রেইকিয়াভিক বন্দর থেকে যাত্রা করে দুটি ফিন তিমি শিকার করে ফিরে আসে। ২০২৩ সালের পর এটাই দেশটিতে প্রথম ফিন তিমি শিকারের ঘটনা।
ফিন তিমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাণী এবং আন্তর্জাতিকভাবে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। গত দুই দশকে আইসল্যান্ডে এক হাজারের বেশি ফিন তিমি শিকার করা হয়েছে।
পরিবেশবাদীরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি চলতি মৌসুমে আরও অনেক তিমি হত্যার সূচনা হতে পারে। তাদের দাবি, আইসল্যান্ডে তিমি শিকার বন্ধের পক্ষে জনমত ক্রমেই শক্তিশালী হচ্ছে।
বর্তমানে আইসল্যান্ড, নরওয়ে ও জাপান—এই তিনটি দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বাণিজ্যিক তিমি শিকারের অনুমতি দিয়ে যাচ্ছে। তবে আইসল্যান্ড সরকার চলতি বছরের শেষ দিকে তিমি শিকার নিষিদ্ধ করতে আইন প্রণয়নের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।