বাণিজ্যিকভাবে তিমি শিকার করতে আন্তর্জাতিক তিমি শিকার কমিশন (আইডব্লিউসি) থেকে বের হয়েছে জাপান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ জানায় বিবিসি।
জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে’র প্রতিবেদন অনুযায়ী, জাপান সরকার দেশটির সংসদ সদস্যদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। ১৯৮৬ সালে আইডব্লিউসি সব ধরনের বাণিজ্যিক তিমি শিকারের ওপর এক স্থগিতাদেশ জারি করে। কিছু প্রজাতির তিমির বিলুপ্ত হওয়ার আশঙ্কায় এমন সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। আইডব্লিউ’র এমন সিদ্ধান্তের পর ১৯৮৮ সাল থেকে তিমি শিকার বন্ধ রাখে জাপান।
অনেক বছর ধরে কথিত ‘বৈজ্ঞানিক গবেষণা’র নামে তিমি শিকার করে তার মাংস বিক্রি করে আসছে জাপান। বিশ্বব্যাপী প্রাণী সংরক্ষণকর্মীদের সমালোচনার মুখেও দেশটি তিমি শিকার বন্ধ করেনি। জাপান বলছে, তিমির মাংস খাওয়া তাদের সংস্কৃতির অংশ। জাপানের উপকূলীয় এলাকাগুলোতে বাস করা মানুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে তিমি শিকার করে আসছে।
