সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ( সোনারগাঁও জাদুঘর) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ। এ সময় তাঁর সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সফরকালে হাইকমিশনার ও তাঁর পরিবারের সদস্যরা ফাউন্ডেশনে সংরক্ষিত বাংলাদেশের সমৃদ্ধ লোকজ ঐতিহ্য, বর্ণাঢ্য ইতিহাস এবং চিরায়ত লোকশিল্প ও কারুশিল্প ঘুরে দেখেন। এ সময় তারা বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানায় এবং বাংলাদেশের লোকজ শিল্প-সংস্কৃতির সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই সফরের মাধ্যমে হাইকমিশনার ও তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে একটি স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি তারা জানান, সংস্কৃতি দেশ ও মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।