টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনা নদীর গরিলাবাড়ী পাথরঘাট এলাকায় গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মুঈন। সে টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জুন (শুক্রবার) সকাল ১১টায় দিকে ৮ জন শিক্ষার্থী একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে ৭ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও মুঈন নিখোঁজ হয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
জানা গেছে, মুঈনের বাবা মনিরুজ্জামান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে পরিবারটি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিসের দলনেতা মোস্তফা কামাল জানান, সকাল ১১টা ৫০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহযোগিতায় দুপুর ১২টা ৪০ মিনিটে উদ্ধার কাজ শুরু করি।
এখনো নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। এরপরও উদ্ধার করা সম্ভব না হলে আগামীকাল আবার অভিযান শুরু করা হবে। দুই ডুবুরিসহ মোট চার সদস্য উদ্ধারকাজে অংশ নিয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।