চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন ‘সিটিক টাওয়ারে’ একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই ভবনে অবস্থানরত লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
শুক্রবার (২৬ জুন) সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিমানে কতজন আরোহী ছিলেন, এটি কোথা থেকে উড্ডয়ন করেছিল কিংবা কী কারণে ভবনটিতে আঘাত হেনেছে-এসব বিষয়ও এখনো স্পষ্ট নয়।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ার থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে। একইসঙ্গে সেখানে বিমানের লেজের একটি অংশ এবং ভবনের নিচে থাকা একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।
ঘটনাস্থলে থাকা সিএনএনের এক সাংবাদিক জানান, দুর্ঘটনার পরপরই ভবনটি থেকে লোকজনকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে ভবনের প্রবেশমুখের কাছে তাদের জড়ো হতে দেখা যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি, পুলিশ সদস্য এবং একটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে সিএনএন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিমানটির মালিকের তালিকাভুক্ত যোগাযোগ নম্বরেও যোগাযোগের চেষ্টা করেছে।
এদিকে দুর্ঘটনার পর উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। একই সঙ্গে ভবন থেকে কর্মী ও দর্শনার্থীদের নিরাপদে বের করে নেওয়ার দৃশ্যও বিভিন্ন ভিডিওতে দেখা গেছে।