সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট : ২৭ জুন ২০২৬, ০১:১৫ এএম

সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় দাবি জানিয়েছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সম্প্রতি কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি যুবক মুজিব আলী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এ সব কথা বলেন। শুক্রবার (২৬ জুন) উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে এনসিপি এই প্রতিবাদ সভার আয়োজন করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের কোন ধর্মীয় পরিচয় নেই। তাদের পরিচয় তারা বাংলাদেশী। আর বাংলাদেশী হিসেবেই তারা নির্মমতার শিকার হন।

সীমান্ত পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর বা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী’। এই অসহায় মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সরকারের নীরবতার সমালোচনা করে বলেন, ‘সীমান্তে যখন একের পর এক হত্যাকাণ্ড চলছে তখন সরকার নীরব ভূমিকায় রয়েছে। সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের কোন প্রতিবাদ করা হচ্ছে না’।

প্রতিবাদ সভার আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুলাউড়ায় নিহত মুজিব আলীর কবর জিয়ারত করেন। এরপর তারা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। চাতলাঘাট বাজারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির স্থানীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত