পরিবারের সবাইকে একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত চঞ্চল

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৭:২৬ পিএম

মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরী দীর্ঘদিন পর মা ও ভাইবোনদের সঙ্গে একান্ত কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছেন। সেই আনন্দঘন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি। সেখানে আনন্দের পাশাপাশি উঠে এসেছে প্রয়াত বাবার স্মৃতিও। 

শনিবার (২৭ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পারিবারিক ছবি প্রকাশ করেন চঞ্চল। ছবিতে তার মা, আট ভাই-বোন এবং পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যায়।ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘অনেকদিন পর আমরা আট ভাই-বোন একসাথে মায়ের সঙ্গে কয়দিন সময় কাটালাম। বাবা চলে যাবার পর অনেকদিন সব ভাই-বোন একসাথে হওয়া হয়নি।’ 

মায়ের অনুভূতির কথাও তুলে ধরেছেন তিনি। চঞ্চল লেখেন, ‘মেয়েজামাই, ছেলে-বৌমা, নাতি-নাতনি… সবাইকে কাছে পেয়ে মা যেন আনন্দ সাগরে ভাসলো কয়টা দিন!’ তবে পরিবারের এই আনন্দঘন মিলনেও বাবার অভাব তীব্রভাবে অনুভব করেছেন তারা। সে কথাও অকপটে তুলে ধরেছেন অভিনেতা। 

তার ভাষায়, ‘এত আনন্দের ভেতরেও মায়ের চোখে মাঝে মাঝেই জল দেখেছি বাবার জন্য।’ স্ট্যাটাসের শেষ লাইনে প্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পঙ্‌ক্তি উদ্ধৃত করেন চঞ্চল। তিনি লেখেন, ‘বাবা, তুমি রবে নীরবে!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত