চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম

নগরে ভূগর্ভস্থ গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে হঠাৎ সড়কে আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে। এতে যানবাহনের যাত্রী, পথচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২৮ জুন) দুপুরে নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে এ ঘটনা ঘটে। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে দুপুর ১২টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দুপুর ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ তাজউদ্দিন ঢালী জানান, ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে পাইপলাইন পুরোপুরি ফেটে যায়নি। লিকেজ দিয়ে গ্যাস বের হওয়ার কারণে আগুন লাগে।

তিনি বলেন, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক আগুনে এলাকায় সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত