সখীপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ডাবাইল বিলে মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের পরামর্শক্রমে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শীলা।

অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৬০টি চায়না দুয়ারি জাল, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ মিটার, জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সখীপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, দেশের জলজ সম্পদ সংরক্ষণ, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত