ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে।
মঙ্গলবার দলটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলটি আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে সফরকারী প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলটি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা এবং সংহতি প্রকাশের লক্ষ্যে আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবে।
এ ছাড়া সফরকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদল ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।
জামায়াতে ইসলামী আশা প্রকাশ করেছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রতিনিধিদলের সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় ইরান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুদ্ধ কোরআন না জানায় হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না: শিক্ষামন্ত্রী