ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য মোট ১২০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ৫ কেজি করে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের মোট ৬০০ কেজি আম রয়েছে।
আখাউড়া কাস্টমস ও বন্দর সূত্র জানায়, একটি পিকআপ ভ্যানে করে আমগুলো দুপুরে আখাউড়া স্থলবন্দরে আনা হয়। পরে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে সেগুলো সীমান্ত অতিক্রম করে ভারতের আগরতলায় পৌঁছে দেওয়া হয়।
আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে আমগুলো পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।