জাল দলিল ও চাঁদাবাজির মামলায় তিনজনের কারাদণ্ড

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের চাঁদাবাজি ও জাল দলিলের মামলায় ৩ জনকে ১৩ মাস করে কারাদণ্ড এবং প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (তৃতীয়) বিচারক মো. নজরুল ইসলাম গত সোমবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আসামিরা হলেন- আব্দুল হামিদ, আব্দুল হাকিম, আমজাদ হোসেন। মামলার বিবরণে জানা উপজেলার মহারাজপুর গ্রামের আব্দুল হামিদ, আব্দুল হাকিম, আমজাদ হোসেন গং পারস্পারিক যোগ সাজসে একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে হেলাল উদ্দিনের স্বত্ব দখলীয় ৭ শতাংশ জমি জাল দলিল করে। এক পর্যায়ে আসামি আব্দুল হামিদ জাল দলিল করা সম্পত্তি নিজ নামে নামজারী পূর্বক খাজনা খারিজ প্রদান করে তা দখলের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে হেলাল উদ্দিন বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নামজারী বাতিলের মিসকেস করেন।  

এদিকে এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে আসামিরা হেলাল উদ্দিনের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ২০১৬ সালের ১৫ ডিসেম্বর হেলাল উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে হেলাল উদ্দিন বাদী হয়ে একই দিন দ্বন্দ্ব প্রাপ্ত ৩ আসামিসহ ৫ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার দায়ের পর থেকে পলাতক থাকাবস্থায় মহসিন ও শাহিন নামে ২ আসামি মৃত্যুবরণ করেন। প্রায় ১০ বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত অপর ৩ আসামির জেল ও জরিমানার আদেশ দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত