দেশের আইনশৃঙ্খলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, এর মাধ্যমে আগামী দিনে দুষ্টের দমন, ভালো মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বুধবার (১ জুলাই) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, আজ থেকে ৩৪ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রতিষ্ঠানটি সুপ্রতিষ্ঠিত করেছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আরএমপির কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ।