সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি জনপ্রিয় ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) শহরের আল-হিজাজ এলাকার নাসর স্ট্রিটে এ ঘটনা ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের পরিচালক ডা. আহমেদ আল-বাকুর জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১০ জনকে আল-মুজতাহিদ হাসপাতালে এবং একজনকে সিরিয়ান রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাহিনী ও অ্যাম্বুলেন্স দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের উৎস বা এর পেছনে কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত