এইচএসসি পরীক্ষার কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড ও বসার চেয়ার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্য করা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকগণ তাদের সন্তানদের জন্য কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অবস্থান করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই অভিভাবকদের জন্য কোনো নির্ধারিত অপেক্ষমান শেড বা বসার স্থান নেই। ফলে বৃষ্টি, রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদেরকে অত্যন্ত কষ্টকর পরিবেশে অবস্থান করতে হয়।
এতে আরও বলা হয়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য কোনো রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেডসহ বসার জন্য চেয়ার স্থাপন এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড অথবা বিএনসিসি সদস্য নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
এ নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা-২০২৬-এর সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে।