হাওর মৎস্যজীবীদের জন্যে উন্মুক্ত: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাওর মৎস্যজীবীদের জন্যে উন্মুক্ত।

তিনি বলেন, হাওর ও নদীর জলাশয় ব্যবস্থাপনায় ‘জাল যার, জলা তার’এই নীতি কিন্তু আমাদের রয়েছে। প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করে দেশের হাওর ও নদী ব্যবস্থাপনা পরিচালিত হবে। সরকার দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদনের উচিতপুর হাওরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন শেষে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি উনি শুরু করেছিলেন। তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই খাল খনন এবং নদী খনন এবং জলাশয়কে কিভাবে ঠিক রাখা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন এবং উদ্বোধনও করেছেন। অনেকগুলি খাল ও নদী খনন করেছি আমরা। 

প্রতিমন্ত্রী বলেন, নদীর নাব্যতা যাতে না কমে যায় এবং জলাবদ্ধতা যাতে মানুষ দুর্ভোগে না পড়ে, জলাশয়গুলোতে যাতে মৎস্য চাষ করতে পারে সে ব্যাপারে আমরা ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছি।

এর আগে মদন উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত