হেলিকপ্টার ভাড়া করে দাদীর স্বপ্ন পূরণ করলেন নাতি

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

জীবনের ৮৫টি বছর পেরিয়েও একটি স্বপ্ন লালন করে আসছিলেন সাবেতুন বেগম। ইচ্ছা ছিল একবার অন্তত হেলিকপ্টারে চড়ে আকাশে উড়বেন। সেই বহুদিনের শখ ও স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ করলেন তার নাতি আশিকুর রহমান সিয়াম।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই দাদীকে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল শিলই গ্রামের বাড়িতে আসেন সিয়াম। হেলিকপ্টারটি দুপুর ১২টার দিকে শিলই ইউনিয়নের হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে সেখানে উৎসুক মানুষের ঢল নামে।

হেলিকপ্টার থেকে নেমেই আনন্দে আপ্লুত হয়ে পড়েন সাবেতুন বেগম। জীবনের প্রথম আকাশ ভ্রমণের উচ্ছ্বাস স্পষ্ট ফুটে ওঠে তার চোখেমুখে। আর দাদীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেরে আনন্দে ভরে ওঠেন নাতি সিয়ামও। 

স্থানীয়রা জানান, দাদী-নাতির এমন ভালোবাসার দৃশ্য দেখতে বিদ্যালয় মাঠে গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন। হেলিকপ্টারের দরজা খুলতেই সবার নজর পড়ে সাবেতুন বেগমের দিকে। তাকে দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে জানা যায়, আশিকুর রহমান সিয়াম অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর পর গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরেই দাদীর বহুদিনের ইচ্ছা পূরণ করতে একটি হেলিকপ্টার ভাড়া করেন।

সাবেতুন বেগমও পরিবারের সদস্যদের সঙ্গে নাতিকে বরণ করতে বিমানবন্দরে গিয়েছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সেখান থেকে দাদীকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে গ্রামের উদ্দেশে রওনা দেন সিয়াম। প্রায় আধা ঘণ্টার যাত্রা শেষে হেলিকপ্টারটি শিলই গ্রামের হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে।

দাদীর প্রতি নাতির এমন ভালোবাসা ও শ্রদ্ধার ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি সম্মান ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত