টেকনাফে গাঁজা ও চোলাই মদ জব্দ, আটক ২

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা ও ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোলাই মদ বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, ২ জুলাই শুক্রবার সকালে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় চট্টগ্রাম থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস (রিল্যাক্স) থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় বাসের পেছনের আসনে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আসনের নিচে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. নিজাম (২০) ও রবি দাশ (৪৮) নামে দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা চোলাই মদের সিজার মূল্য ২ হাজার ৪০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, একই দিন রাত ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন তুলাতুলি ঘাট এলাকায় সী-বীচ বিওপির একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি একটি কার্টন বহন করে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনটি ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি জানান, মাদকবিরোধী অভিযান, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং চেকপোস্টভিত্তিক তল্লাশি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত