চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমির হোসেন, সুফিয়া খাতুন ও বিউটি বেগম। গুরুতর আহত আমির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে একটি পিকআপ ব্রেক করলে তার পেছনে থাকা মাছবাহী আরেকটি পিকআপ সেটিকে ধাক্কা দেয়। ঠিক সেই সময় চট্টগ্রাম দিক থেকে আসা নবজাতকের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের মা মনোয়ারা বেগম ও অপর একজন অক্ষত থাকলেও তিন স্বজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতদের স্বজনরা জানান, তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ নিয়ে ফেনীর সোনাগাজীতে নিজ বাড়িতে ফিরছিলেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আফসার বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।