খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি; পাহাড়ধসের আশঙ্কা 

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও অবিরাম বৃষ্টিতে খাগড়াছড়ি জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিপাতের ফলে নদী, ছড়া ও খালের পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। ভোগান্তিতে পড়েছে নিম্নাঞ্চল এলাকার মানুষজন।

জেলা সদরের মুসলিমপাড়ার নিচু এলাকা, উত্তর গঞ্জপাড়া, মেহেদী বাগের একাংশ, মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার এবং দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। ফলে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসন সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর তালিকা তৈরি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

জলাবদ্ধতা ও পানিবন্দি মানুষের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হবে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি ও সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসন পাহাড়ি এলাকার বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত