পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের সঙ্গে রাতভর সংঘর্ষে অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১৫ জন জঙ্গিও নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের জিয়ারত জেলায় হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি)। জেলার ডেপুটি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস আছাকজাই জানান, হামলার পর এখনো পাঁচ পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৫ জঙ্গি নিহত হয়েছে।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান তালেবানের থেকে আলাদা একটি সংগঠন। দীর্ঘদিন ধরে তারা ইসলামাবাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে এবং শরিয়াভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করেছে।
পাকিস্তান সরকারের দাবি, টিটিপির নেতৃত্ব ও যোদ্ধাদের একটি বড় অংশ আফগানিস্তানে অবস্থান করছে। তবে আফগান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।