সমুদ্রপথে ইতালিযাত্রায় শীর্ষে বাংলাদেশিরা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১১:২২ এএম

চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে অবৈধভাবে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে যাওয়া মোট অভিবাসীদের একটি বড় অংশই বাংলাদেশের নাগরিক। এশিয়া অঞ্চলের মধ্যে বাংলাদেশিদের পরেই রয়েছেন পাকিস্তানিরা। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত বিভিন্ন দেশের মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী ইতালির উপকূলে পৌঁছেছেন। দেশভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে ৪ হাজার ৩১৪ জনই বাংলাদেশি, যা মোট আগমনকারী অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ।

বাংলাদেশ ও সোমালিয়ার পর এই তালিকায় ক্রমান্বয়ে রয়েছে সুদান, পাকিস্তান, আলজেরিয়া, মিশর, ইরিত্রিয়া, টিউনিশিয়া, মালি ও নাইজেরিয়াসহ আরও কয়েকটি দেশ। এছাড়া ১ হাজার ১৬৩ জন এমন অভিবাসী রয়েছেন, যাদের পরিচয় শনাক্তকরণের কাজ এখনো চলছে।

তবে আশার কথা হলো, গত দুই বছরের একই সময়ের তুলনায় এবার সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর মোট সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত যেখানে ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছিলেন, সেখানে চলতি বছরের এই সময়ে সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৩ জনে। অর্থাৎ, গত বছরের তুলনায় এই হার প্রায় ৫৩ শতাংশ কম। ২০২৪ সালের তুলনায়ও এই সংখ্যা প্রায় ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই অভিবাসী আগমনের সংখ্যা আগের দুই বছরের চেয়ে কম ছিল। এই তথ্যগুলো মূলত প্রাথমিক নথির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাই পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পরিসংখ্যানে কিছুটা পরিবর্তন আসতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত