এমপি তুলি

‘ভাইকে কোন নদীতে ফেলেছে খুব জানতে ইচ্ছে হয়’

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেছেন, আমার ভাইয়ের সঙ্গে কি হয়েছিল আমার খুব জানতে ইচ্ছে হয়। কোথায় কোন নদীতে তাকে ফেলা হয়েছিল।  

তিনি বলেন, আমার মাকে আপনারা দেখেছেন আয়নাঘরের রুমগুলোর দেয়ালে কিভাবে আমার ভাইয়ের স্মৃতি খুঁজেছেন। আমার সকল গুম হয়ে যাওয়া ভাইদের খবর জানতে ইচ্ছা হয় যে আসলে তাদের সঙ্গে কি হয়েছিল।

বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘মননে জুলাই’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সানজিদা ইসলাম তুলি বলেন, জুলাই আমাদের জাতীয় দাবি জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। এটি শুধু একটি মাসের নাম নয়-এটি সাহস, আত্মত্যাগ, ন্যায়বিচারের ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অদম্য সংগ্রামের প্রতীক।

শুধু জুলাইকে স্মরণ করা নয় বরং জুলাইয়ের চেতনাকে ধারণ করে এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে জানিয়ে তিনি বলেন, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, মানবাধিকার সমুন্নত থাকবে, দুর্নীতির কোনো স্থান থাকবে না এবং মেধা, যোগ্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ তখনই সত্যিকার অর্থে সার্থক হবে। 

তিনি বলেন, জুলাই মানে সেই বাবা যিনি সন্তানকে সুন্দর ভবিষ্যতের জন্য গড়ে তুলেছিল কিন্তু সে লাশ হয়ে ফিরেছে। জুলাই মানে সেই ভাইটা যে নিজের স্বার্থের কথা চিন্তা না করে বাংলাদেশকে ভালোবেসে জীবন দিয়েছে। ইয়ামিনের মতো যে ভাইটা যাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এরা সবাই জুলাই। আর আমরা যারা বিগত সময়ে আন্দোলনে ছিলাম তারা একটা বড় অংশ এই জুলাইয়ের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত