অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় মারলেন অভিভাবক, ভিডিও ভাইরাল

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে এক নারী প্রধান শিক্ষিকাকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী করিমকে আচমকা চড়-থাপ্পড় মারেন ওই অভিভাবক। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, অভিভাবকের এ ধরনের আচরণ বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার পার্শ্ববর্তী ফার্মপাড়া এলাকার বাসিন্দা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে ঢুকে অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে অফিসকক্ষে বসা অবস্থায় প্রধান শিক্ষক কাবেরী করিমকে চড়-থাপ্পড় মারেন। এ সময় উপস্থিত কয়েকজন তাকে নিবৃত্ত করে বাইরে নিয়ে যান।

জানা গেছে, সামসউর রহমান শুভ ও মিতালী খাতুন দম্পতির মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য (৯) বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সমাবেশ চলাকালে সে এক সহপাঠীর সঙ্গে কথা বলছিল। এ কারণে তাকে শাসন করতে গিয়ে প্রধান শিক্ষক তার গালে একটি চড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে তার বাবা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে একাধিকবার ফোন করা হলেও অভিযুক্ত অভিভাবক সামসউর রহমান শুভ ফোন রিসিভ করেননি।

প্রধান শিক্ষক কাবেরী করিম বলেন, ‘আমি একজন শিক্ষক। আদরের পাশাপাশি প্রয়োজন হলে শাসনও করতে হয়। সে কারণেই আলতো করে একটি চড় মেরেছিলাম। কিন্তু একজন অভিভাবক আমার অফিসকক্ষে ঢুকে আমার গায়ে হাত তুলবেন, তা কখনও কল্পনাও করিনি। এখন বিদ্যালয়ে যেতে নিরাপত্তাহীনতা বোধ করছি। আবারও আমার ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছি।’

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং চুয়াডাঙ্গা কেদারগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন বলেন, ‘এ ধরনের আচরণ কোনো অভিভাবকের কাছ থেকে প্রত্যাশিত নয়। এমন পরিস্থিতি চলতে থাকলে শিক্ষার্থীদের সুশিক্ষা দেওয়া কঠিন হয়ে পড়বে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং লাঞ্ছনার শিকার শিক্ষকের পাশে আছি।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। অভিভাবকের কোনো অভিযোগ থাকলে তিনি শিক্ষা অফিসে জানাতে পারতেন। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে প্রধান শিক্ষককে মারধর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত