সাফারি পার্কে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাজু বাহাদুর

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে এক বছর আগে উদ্ধার করে আনা হাতি রাজু বাহাদুর বাঁচা মরার লড়াইয়ে  পাঞ্জা লড়ছে। হাতিশালায় অন্য হাতির আক্রমনে আহত হয়ে এখন দুই পা ভেঙে চরম কষ্টে দিন পার করছে হাতি রাজু বাহাদুর। আহত হাতি রাজু বাহাদুর এখন শঙ্কটাপন্ন অবস্থায় আছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ কাঁচপুর এলাকায় থেকে আহত অবস্থায় হাতিটিকে উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। হাতিটি দিয়ে ওই এলাকায় চাঁদাবাজি করার সময় হাতেনাতে ধরা পড়ে। উদ্ধারের সময় হাতিটির বয়স ছিল ৯ বছর, বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। উদ্ধারের পর থেকে হাতিটিকে সাফারি পার্কে এনে হাতিশালার নির্দিষ্ট একটি স্থানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সম্প্রতি অন্য একটি হাতির সঙ্গে আচমকা সংঘর্ষে জড়ালে তার পা ভেঙে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এটি প্রাপ্ত বয়স্ক পুরুষ হাতি। ২৪ মে পার্কের হাতিশালার অন্য একটি হাতির আক্রমণের শিকার হয় রাজু বাহাদুর। আক্রমণে সে মাটিতে পড়ে গিয়ে  সামনের দুটি পা ভেঙে ফেলে। ঘটনার কয়েক দিন পর হাতিটিকে ক্রেনের সাহায্যে অন্যত্র নিরাপদস্থানে স্থানান্তর করা হয়। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। হাতি রাজু বাহাদুর এখন শুয়ে শুয়ে সামান্য পরিমানে খাবার খেতে পারে। তবে এটি বেশ শঙ্কাটাপন্ন অবস্থায় আছে।

তিনি বলেন, প্রাণীরা একই স্থানে বা ক্যাপটিভে বসবাস করা অবস্থায় সংঘর্ষ বা ঝগড়ায় জড়ানো প্রাকৃতিক ব্যাপার। সব প্রাণীই কোনো না কোনো সময় সংঘর্ষে জড়ায়। তবে হাতি রাজু বাহাদুর একটু বেশিই আহত হয়ে পড়েছে। 

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক) মো. তারেক রহমান বলেন, মেডিকেল বোর্ডের মাধ্যমে রাজু বাহাদুরের চিকিৎসা করা হচ্ছে। থাইল্যান্ড থেকে চিকিৎসক এনেও চিকিৎসা করা হচ্ছে।  আমরাও নিয়মিত উন্নত চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আশা করি হাতি রাজু বাহাদুর দ্রুত সুস্থ হয়ে আবারও হাতিশালায় ঘুরে বেড়াবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত