স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫০ জন দমকলকর্মী নিরলসভাবে কাজ করছেন বলে শুক্রবার (১০ জুলাই) ভোরে জানিয়েছে আন্দালুসিয়া অঞ্চলের জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসে 'এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানল' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি একটি 'অভূতপূর্ব ট্র্যাজেডি'।
আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, "লস গায়ারদোসে প্রাণ হারানো মানুষের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আগুনে ক্ষতিগ্রস্ত সব পৌরসভার মানুষের পাশে আমরা আছি।"
লস গায়ারদোস স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের একটি পৌরসভা।
এর আগে চলতি সপ্তাহে দক্ষিণ ফ্রান্সে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আরেকটি দাবানলের কারণে স্পেন সীমান্তসংলগ্ন প্রায় দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পশ্চিম ইউরোপজুড়ে মে ও জুন মাসের শুরুতেই তীব্র তাপপ্রবাহে বিস্তীর্ণ এলাকা শুষ্ক হয়ে পড়েছে। ফলে এ বছর অঞ্চলটি দাবানলের ঝুঁকিতে আরও বেশি পড়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে। এর ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঘটনা ভবিষ্যতে আরও ঘন ঘন ঘটার আশঙ্কা রয়েছে।