বেলকুচিতে কোটি টাকার উন্নয়ন সহায়তা ও বিভিন্ন অনুদান সামগ্রী বিতরণ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (বিশেষ) এবং বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় উন্নয়ন সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন অনুদান ও উন্নয়ন সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সৌর প্যানেল স্থাপন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, কর্মক্ষম প্রতিবন্ধী ও অসচ্ছল বেকার যুবকদের ভ্যানসহ দোকানঘর প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে জোড়া বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার, দরিদ্র পরিবারের জন্য নলকূপ স্থাপন এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বিশেষ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে মোট ৫০ লাখ টাকা বিতরণ করা হয়। স্পিকারের পক্ষ থেকে ৬১ জন উপকারভোগীর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

সমাজকল্যাণ অধিদপ্তরের আওতায় ২০ অসহায়, অসুস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে মোট ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। নিহত ও দরিদ্র-অসহায় ২০ পরিবারের হাতে ৪ লাখ টাকা নগদ সহায়তা তুলে দেওয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলার ২১ ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬ সৌর প্যানেল, চরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি স্কুল ব্যাগ, কর্মক্ষম প্রতিবন্ধী ও অসচ্ছল বেকার যুবকদের জন্য ৬টি ভ্যানসহ দোকানঘর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডিপি খাতে ৫০ জোড়া এবং রাজস্ব উন্নয়ন খাতে ১০০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
এছাড়া প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইলচেয়ার, শিক্ষা প্রতিষ্ঠানে ১২০টি সিলিং ফ্যান, বিভিন্ন ইউনিয়নে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ১২টি নলকূপ সরবরাহ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত