মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কৃচ্ছ্রসাধন করে ১০০ টাকার লাঞ্চ করেন। আমরাও বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা ১০০ টাকাতেই লাঞ্চ করি।’
শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার করটিয়াপাড়া এলাকায় যাদবপুর ইউনিয়নের নলুয়া-গাজীপুর জিসি-বেলতৈল সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সখীপুর উপজেলার ১৯২টি সড়কের উন্নয়নের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী দুই বছরে প্রায় ৭০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, সখীপুরে আর কোনো উন্নয়নকাজ বাকি থাকবে না।’
বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। এর প্রভাবেই বর্তমানে লোডশেডিংয়ের সমস্যা দেখা দিয়েছে। সবাইকে আর কিছুদিন ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ, এই সমস্যারও দ্রুত সমাধান হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকেও এসি ব্যবহার করেন না। দেশের মানুষ যখন কষ্ট সহ্য করছে, তখন আমাদেরও কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করতে হবে।’
উপজেলা প্রকৌশলী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন মন্ত্রী স্থানীয় সৃষ্টি সংঘ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় সখীপুর উপজেলা ও মির্জাপুর উপজেলা দল অংশগ্রহণ করে।