বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম।
আজ সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাদিক কায়েম জানিয়েছেন, ছাত্রশিবিরের বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার বিদায় হয়েছে।
তিনি ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন । ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হিসেবে তিনি প্রথম প্রকাশ্যে আসেন । ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।
গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমকে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রশিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে বলেন, ছাত্রশিবিরের যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকাবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই।
সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যেকোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
সাদিক কায়েম ২০২৪-এর জুলাই-আগস্টের অভ্যুত্থানে ‘সালমান’ ছদ্মনামে পরিচিত ছিলেন। এই নামে তিনি অভ্যুত্থানের সম্মুখসারিতে থাকা সংগঠকদের আশ্রয় ব্যবস্থা, বিচ্ছিন্ন হয়ে পড়া নেতাদের সঙ্গে সমন্বয়, প্রতিদিনের কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন এবং গণমাধ্যমে নয় দফাসহ সকল আন্দোলনের সংবাদ পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন ।
২০২৫ সালের ডাকসু নির্বাচনে তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ভিপি (সহ-সভাপতি) পদে প্রার্থী হন এবং ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হন ।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি স্টুডেন্টস অ্যাগেইনস্ট ভায়োলেন্স এরিয়াওয়্যার (সেইভ)-এর পরামর্শদাতা কর্মী, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি এবং পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে হিল সোসাইটি প্রতিষ্ঠা করেন।
সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেবেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।