ইরান যুদ্ধ থামানোর কার্যকর কৌশল নেই ট্রাম্পের হাতে

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ এএম

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বারবার বদলাচ্ছে। বিশ্লেষকদের মতে, এতে স্পষ্ট হচ্ছে, দীর্ঘায়িত এই যুদ্ধের ইতি টানতে তিনি নতুন পথ খুঁজছেন, কিন্তু এখনো কার্যকর কোনো কৌশল হাতে নেই।

মঙ্গলবার (১৪ জুলাই) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, ইরানের নৌপরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহাল করা হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজের কাছ থেকে ২০ শতাংশ ফি নেওয়ার কথাও জানান। তার দাবি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে ব্যয় বহন করছে, তা মেটাতেই এ অর্থ নেওয়া হবে।

তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলান ট্রাম্প। নতুন প্রস্তাবে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। অর্থাৎ ফি আদায়ের পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতার পথেই এগোতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
 
এমন পরিবর্তন এসেছে এমন সময়ে, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চার মাসের বেশি সময় ধরে চলছে। এক মাস আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও তা যুদ্ধ থামাতে কার্যকর হয়নি। বরং সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে হামলা-পাল্টা হামলায় সেই সমঝোতার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

মঙ্গলবার ট্রাম্পের নতুন ঘোষণার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় আবারও হামলা চালায়। জবাবে ইরান অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা জোরদার করে। এতে হরমুজ প্রণালিতে নৌ-চলাচল আবারও ব্যাপকভাবে ব্যাহত হয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সামরিকভাবে ইরানের কিছু সক্ষমতা দুর্বল করতে পারলেও রাজনৈতিক সমাধান এখনো অধরাই রয়ে গেছে। ইরান এখনো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করার সক্ষমতা ধরে রেখেছে এবং যুক্তরাষ্ট্র বড় পরিসরে সামরিক অভিযান না চালালে তেহরানকে এ পদক্ষেপ থেকে বিরত রাখা কঠিন হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজ-এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিক বলেন, সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হলো, এই যুদ্ধের কোনো স্পষ্ট সমাপ্তি নাও হতে পারে। এটি একটি দীর্ঘস্থায়ী অমীমাংসিত সংঘাতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প একদিকে যুদ্ধ আরও বিস্তৃত করতে চান না, অন্যদিকে নতুন কোনো সমঝোতা ছাড়াও সংঘাতের ইতি টানতে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়তে পারেন। কারণ, তিনি এমন একটি চুক্তি করতে চান, যেটিকে ২০১৫ সালের ওবামা প্রশাসনের পারমাণবিক চুক্তির চেয়েও ভালো বলে উপস্থাপন করা যাবে।

তাদের ভাষ্য, হরমুজ ইস্যুতে ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তনই প্রমাণ করছে, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য ওয়াশিংটনের সামনে এখনো সুস্পষ্ট কোনো কার্যকর পথ তৈরি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত