মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাত সেনা সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে তেহরান। খবর আল জাজিরা।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ৩৮৮তম ব্রিগেডের একটি ঘাঁটিতে কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় অতিথিশালা, প্রহরী পোস্ট এবং সেনাদের আবাসন ভবন লক্ষ্যবস্তু ছিল। তবে ‘প্যাসিভ ডিফেন্স’ ব্যবস্থা কার্যকর থাকায় হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে বলে দাবি করা হয়।
এ হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ আখ্যা দিয়ে ইরানের সেনাবাহিনী বলেছে, এর ‘যথাসময়ে কঠোর জবাব’ দেওয়া হবে।
এদিকে ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, গত কয়েক দিনের মার্কিন হামলায় দক্ষিণ ইরানে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার সর্বশক্তি দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।
তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।