ত্রাণমন্ত্রী

‘ত্রাণ-পুনর্বাসন কার্যক্রমে দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না’

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের তিনজন মন্ত্রী বর্তমানে বন্যাদুর্গত এলাকাগুলো সরজমিনে ঘুরে দেখছেন, যাতে দ্রুততম সময়ের মধ্যে জনদুর্ভোগ কমিয়ে আনা যায়। ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে কোনো ধরনের রাজনীতি বা দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না বলে হুশিয়ারি দেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা এলাকার ফালুয়ান পাড়া খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ মাঠে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এই হুশিয়ারি দেন। 

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ শুরু করবে বলে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি এখন ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি এখানে বন্যায় যে ক্ষয়ক্ষতি দেখেছি, ফিরে গিয়েই তা প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবগত করব। আসার পথে যেসব ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি আমার চোখে পড়েছে, সেগুলো মেরামত ও সংস্কারের জন্য দ্রুত ঢেউটিন ও নগদ টাকা পাঠানো হবে।

​কৃষি খাতের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্থ এলাকায় দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। যাতে আসন্ন মৌসুমে খাদ্য উৎপাদন ব্যাহত না হয়।

বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার সমগ্র খালগুলো সংস্কার না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে উল্লেখ করেন তিনি।

প‌রিদর্শনরকা‌লে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল হক মিঞা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, জেলা দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তা মো.মাসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রবিউল হক, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা শ‌্যামল চন্দ্র সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রু‌বেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত