বাঁশখালীতে বন্যাদুর্গতদের হাতে ৬ লাখ টাকা তুলে দিল খুলশী ক্লাব

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে খুলশী ক্লাব লিমিটেড। ক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকার অসহায় পরিবারের মাঝে মোট ৬ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে বাঁশখালীর বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন খুলশী ক্লাব লিমিটেডের ফাইন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. সামসু উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. নুরুল আবছার, সদস্য অবসরপ্রাপ্ত এডিসি মো. জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও ক্লাবের সদস্য মো. নাছির উদ্দিন, খুলশী ক্লাব লিমিটেডের ম্যানেজার ইমতিয়াজ ইউছুফ, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ নুরী, মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ হোছাইন, বাঁশখালী থানার এসআই রুবেল চন্দ্র সিংহ, সমাজ সেবক জহিরুল ইসলাম ও বাহাদুর আলম হিরণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

খুলশী ক্লাব লিমিটেডের ফাইন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. সামসু উদ্দিন বলেন, 'সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে খুলশী ক্লাব লিমিটেড ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহায়তা হয়তো তাদের সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।'

স্থানীয়রা খুলশী ক্লাব লিমিটেডের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের এই সময়ে নগদ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত