যশোরের অভয়নগরে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

যশোরের অভয়নগরে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে   নওয়াপাড়ার নুরবাগ মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান ফকির অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মৃত শরিফুল ফকিরের ছেলে।

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, শনিবার দুপুরে নুরবাগ মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওসমান ফকির। এ সময় খুলনাগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় পথচারীরা তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত