কু‌ড়িগ্রা‌মে পা‌নির স্রো‌তে ডু‌বে বৃদ্ধ নিখোঁজ 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে পার হয়ে চরে পাট কাটতে যাওয়ার সময় লিয়াকত মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ লিয়াকত মণ্ডল পুটিমারী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে লিয়াকত মণ্ডল একটি হাঁড়ি সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে চরে পাট কাটতে যাচ্ছিলেন। কোলার মাঝপথে স্রোতের কারণে হাঁড়িটিতে পানি ঢুকে গেলে সেটি ডুবে যায়। এ সময় হাঁড়ির সঙ্গে তিনিও পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের নাতি লিয়ন মণ্ডল বলেন, খবর পেয়ে আমরা স্থানীয়ভাবে জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে চিলমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তারা ডুবুরি দল পাঠানোর ব্যবস্থা করছেন। 

চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তন্ময় কুমার বর্মণ বলেন, রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছেন। তারা পৌঁছলে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হবে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত